ভারতীয় চ্যাটজিপিটি আনছে মোদী সরকার

২৯ মার্চ, ২০২৩ ২১:০৫  

ভারত তার নিজস্ব চ্যাটজিপিটি ভার্সন নিয়ে আসছে। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী সম্প্রতি এই ঘোষণা করে জানিয়েছেন, আর কয়েক সপ্তাহের মধ্যেই সেই ভারতীয় চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

বর্তমান সময়ে গোটা বিশ্বের জন্য ‘নিউ নর্ম্যাল’ হয়ে দাঁড়িয়েছে চ্যাটজিপিটি। সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত খবরে বারবার এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলটিকে নিয়ে চর্চা করা হচ্ছে। এমনকি এর জনপ্রিয়তা এতই বেড়েছে যে, সাধারণ মানুষ এবং বিভিন্ন সংস্থা চ্যাটজিপিটিভিত্তিক চ্যাটবটকে বিভিন্ন কাজে লাগাচ্ছেন। গুগল, মাইক্রোসফটের মত বড় প্রযুক্তি কোম্পানিগুরো আবার নিজের মত করে এই প্রযুক্তিকে বিকাশ করার চেষ্টা করছে।

তবে এবার ভারতের মোদী সরকার এই বিষয়ে যে ঘোষণা করেছে, তা থেকে মনে হচ্ছে দেশটি প্রযুক্তির দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। আর ভারতের ‘মেড ইন ইন্ডিয়া’ কর্মসূচীটি আরও শক্তিশালী বলে প্রমাণিত হবে!

দেশটির বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হালফিলে ইঙ্গিত দিয়েছেন যে, আসন্ন দিনগুলোতে ভারতের নিজস্ব চ্যাটজিপিটি সংস্করণ বা সোজা কথায় সম্পূর্ণ ভারতীয় এআই চ্যাটবট থাকবে। শুধু তাই নয়, তাঁর ঘোষণার ভিত্তিতে অনুমান করা যায়, খুব শিগগিরই এই প্রযুক্তিটি চালু হতে পারে।

এমনিতে চ্যাটবট রিয়েলটাইমে মানুষের সাথে মানুষের মত করে কথা বলা বা প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি কোন সমস্যা সমাধান করা, কমান্ড অনুযায়ী রচনা লেখা, কোডিং ইত্যাদি কাজ করতে পারে। সেক্ষেত্রে নতুন মেড ইন ইন্ডিয়া চ্যাটবট, ব্যবহারকারীদের নির্ভরযোগ্য এবং অভ্যন্তরীণ উৎস থেকে তথ্য সংগ্রহ করে আউটসোর্স করবে। আবার, এটি বিনামূল্যে ব্যবহার করা যাবে বলেই মনে হচ্ছে।

ডিবিটেক/বিএমটি